স্টাফ রিপোর্টার :: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচিতে কোনো ধরনের পুলিশি বাধা না দিতে ভোলার দৌলতখান থানার ওসি মো. ফখরুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত নেতার নাম নবী নেওয়াজ আকাশ। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দৌলতখান পৌরসভা শাখার সাবেক সভাপতি। তার বিরুদ্ধে দৌলতখান থানায় তিনটি ও ভোলা সদর মডেল থানায় একটিসহ মোট চারটি নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা ও ওসির মধ্যে কথোপকথনের ১ মিনিট ২ সেকেন্ডের একটি রেকর্ড ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া অডিও রেকর্ডে সাবেক মেয়রের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘কালো রাতে দেখছিলাম এ রকম, স্যার। আপনি দৌলতখানে এ রকম করছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব, আপনি দৌলতখানের অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তাকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের ভাইদের (পুলিশ) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল, স্যার।’
এ সময় কথোপকথনের অপর প্রান্ত থেকে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনি খোঁজ নেন।’

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে স্থানীয়দের জানমাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় আমাদের নিয়মিত টহল চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে সৌদি আরবের একটি মোবাইল নম্বর থেকে হঠাৎ আমার সরকারি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে কল আসে। আমি ফোন রিসিভ করার পরপরই সে নিজের নাম বলে এবং নানা কথা বলে হুমকি দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দৌলতখান থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কেউ আটক হননি।
Leave a Reply