লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী পৃথ্বী রায়। ‘রঙে রঙে বিজ্ঞানভুবন’ আয়োজিত প্রতিযোগিতার ‘ক’ বিভাগে সারাদেশের ২৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ কৃতিত্ব অর্জন করে সে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈফ ইসলাম। যৌথভাবে তৃতীয় হয়েছে নওগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শাহরিয়া রহমান ও বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুলের তাকওয়া রহমান।
প্রথম স্থান অর্জনের প্রতিক্রিয়ায় পৃথ্বী রায় জানায়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হতে পেরে সে খুবই আনন্দিত। ছবি আঁকতে তার ভালো লাগে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে চায় সে।

পৃথ্বীর বাবা বলেন, মেয়ের এ সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার আগ্রহ রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে সব সময় উৎসাহ দেওয়া হয়। ভবিষ্যতেও তার প্রতিভা বিকাশে সহযোগিতা অব্যাহত থাকবে।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রথম স্থান অর্জন তাদের জন্য গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে বিদ্যালয় কর্তৃপক্ষ উৎসাহিত করে। পৃথ্বীর এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পৃথ্বী রায়ের এ অর্জনে তার বিদ্যালয়ের পাশাপাশি গর্বিত লালমনিরহাটের মানুষও।
আরইসআর/প্রবা
Leave a Reply