বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাট, প্রতিদিন ৩০ লাখ টাকার লেনদেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাট, প্রতিদিন ৩০ লাখ টাকার লেনদেন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের দেবীগঞ্জে বসে দেশের অন্যতম বৃহৎ জলপাইয়ের হাট। প্রতিদিন এই হাটে ৩০ লাখ টাকার জলপাই কেনাবেচা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আশপাশের পাঁচ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে জলপাই কিনতে আসেন। শুধু দেশেই নয়, এ হাটের জলপাই যাচ্ছে বিদেশেও। এতে একদিকে যেমন লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা, অন্যদিকে সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান।

জলপাইয়ের কথা উঠলেই অনেকের জিহ্বায় জল চলে আসে। সেই জলপাইয়ের জমজমাট হাট বসে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের দেবদারু তলায়। ভোরের আলো ফুটতেই ভ্যান, পিকআপ ও ট্রাকে করে হাটে আসতে শুরু করে জলপাই। এরপর চলে বাছাই, আকার অনুযায়ী আলাদা করা এবং দরদাম শেষে কেনাবেচা।

হাটে ছোট-বড় বিভিন্ন আকারের জলপাই নিয়ে আসেন স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও বড় কোম্পানির প্রতিনিধিরা এসব জলপাই কিনে নিয়ে যান। ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন এখানে কোটি টাকার লেনদেন হয়।


কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি জলপাই ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করেন তারা। জলপাই গাছ থেকে ফল সংগ্রহ করে বিক্রি করেই প্রতিবছর অনেক কৃষক আয় করছেন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। পাশাপাশি বাগান থেকে জলপাই সংগ্রহ, পরিবহন ও আড়তে বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন শত শত ক্ষুদ্র ব্যবসায়ী।

হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা জানান, এটি একটি ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। জলপাই ছাড়াও এখানে বাতাবি লেবু, পানসহ কৃষকের উৎপাদিত বিভিন্ন ফল বিক্রি হয়। তবে জলপাইয়ের বেচাকেনাই সবচেয়ে বেশি। এ হাটে অন্তত এক থেকে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি।

তবে এত বড় একটি কৃষিপণ্যের বাজার হলেও রয়েছে নানা অবকাঠামোগত সমস্যা। হাটে পর্যাপ্ত শেড না থাকায় বর্ষাকালে কাদাপানিতে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ী ও কৃষকদের। অনেক সময় খোলা জায়গায় মাটির ওপরই ফলমূল সাজিয়ে কেনাবেচা করতে হয়। তাই হাটের অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা।


দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ জানান, জলপাইয়ের এ হাট ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে জলপাইয়ের চাহিদা এবং সেই সঙ্গে বাড়ছে চাষাবাদও। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের খোঁজখবর রাখা হচ্ছে। জলপাই চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিতভাবে হাটটির অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পঞ্চগড়ের জলপাই রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব। এতে আরও সম্প্রসারিত হবে স্থানীয় কৃষি অর্থনীতি এবং তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com