বিশেষ প্রতিনিধি,ঢাকা :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ শাহাদাত হোসেন জানান, হাসপাতালে জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করলে, কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটককৃত ভুয়া চিকিৎসকের নাম মোঃ রাকিব। সে বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে সে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করে আসছিল।

আটক রাকিব জানায়, আমার ভাই অসুস্থ ছিল, তাকে ভর্তি করার জন্যই ঢাকা মেডিকেলে নিয়ে আসি। অনেক চেষ্টার পরও তাকে ভর্তি করতে না পেরে একজনের বুদ্ধিতে সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তারের পরিচয় দিই। এরপরই আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চত করে জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হচ্ছে।
Leave a Reply