নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক এস্কাফসহ এমপির ভাতিজা ইলিয়াছ হোসেন লিটন ও তার সহযোগী আমিনুর রহমানকে আটক করেছে র্যাব-১৩।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ উদ্ধার করা হয়।
আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের আপন ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিটনের বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ জব্দ করা হয়। এ সময় তাকে ও তার সহযোগী আমিনুর রহমানকে আটক করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের জব্দ আলামতসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply