নিজস্ব প্রতিবেদক::রংপুরের গঙ্গাচড়ায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। মসজিদ ঝাড়ু দেওয়ার নাম করে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার সময় স্থানীয়রা বিষয়টি টের পেলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সাজেদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ জনতা।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজেদুল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামের বাসিন্দা।
যেভাবে ঘটনার সূত্রপাত
ভুক্তভোগী শিশুটির দাদি জানান, অভিযুক্ত শিক্ষক সাজেদুল কৌশলে ওই শিশুকে মসজিদের ভেতর ডেকে নেন। ঝাড়ু দেওয়ার কথা বলে ভেতরে নিয়ে তিনি শিশুটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা চালান। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই শিক্ষককে মাদরাসা প্রাঙ্গণেই আটক করেন।

আরও ১৮ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ
স্থানীয়দের দাবি, সাজেদুল ইসলাম কেবল এই শিশুটিকেই নয়, বরং গত কয়েক মাসে মাদরাসার আরও প্রায় ১৮ জন ছাত্রীকে বিভিন্ন সময়ে ধর্ষণের চেষ্টা করেছেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এমন অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন থাকলেও শুক্রবারের ঘটনায় তা প্রকাশ্যে আসে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কেউ একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply