চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘদিনের প্রস্তাবিত নিয়োগ বিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনে দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিটি চরফ্যাশন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা অধিকার আদায় পরিষদের সভাপতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য এবং চরকুকরি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদের সদস্য ও চরমাদ্রাজ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ফখরুল আলম, ভোলা জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি ও শশীভূষণ পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে কুলসুম সীমা,বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য ও চরকলমী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী নিপা বেগম প্রমুখ।
এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের মাঠকর্মীরা একযোগে কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্যতে বক্তারা বলেন, মাঠপর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি সেবা, টিকাদান (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা, কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।
তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে থাকার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, চরফ্যাশনের মাঠকর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে, তার একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Leave a Reply