হাসান লিটন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::চরফ্যাশনে ডিলারের বিক্রিত সরকারি চাল পাওয়া গেল গৃহবধূর ঘরে
ভোলার চরফ্যাশনে আব্দুল্লাহপুর ইউনিয়নে মন্নান নামে এক ডিলারের বিক্রিত খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া গেল গৃহবধূর ঘরে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ৩ নম্বর ওয়ার্ড নুরুল ইসলাম হুজুরের বাড়ির মাকসুদের বসতঘরে ৮ বস্তা চাল আটক করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত মো. মন্নান আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার এবং ওই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয়। কিন্তু ডিলার মন্নান প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে ৫০০ টাকা আদায় করে মাত্র ২৫–২৬ কেজি চাল দেন এবং বাকি চাল গোপনে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা মঙ্গলবার গৃহবধূ আছমা বেগমের বাসায় গিয়ে মন্নানের বিক্রিত ৮ বস্তা চাল আটক করা হয়।

চাল উদ্ধার হওয়া ঘরের গৃহবধূ আছমা বেগম বলেন, আমার একটি কার্ড রয়েছে। ডিলার মন্নান আমার কাছ থেকে বস্তা প্রতি ১৫০০ টাকা নিয়ে ৭ বস্তা চাল বিক্রি করেছেন। আমি তার কাছ থেকে ক্রয় করেছি।
চাল জব্দের ঘটনায় অভিযুক্ত ডিলার মো. মন্নান গাঢাকা দিয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, সরকারি বরাদ্দের চাল গৃহবধূর ঘরে আটকের বিষয়টি প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply