মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদায় সরকারি রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদেনের টাকা রাখার অভিযোগে এলাকাবাসী কর্তৃক এক উপসহকারী প্রকৌশলীকে আটকের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(২২অক্টোবর) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিলেন তারা। তবে, তাতে মোটেও কর্ণপাত করছিলেন না রাস্তার তদারকির দ্বায়িত্বে থাকা বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম। বরাদ্দ অনুযায়ী কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাসী কাগজপত্র দেখতে চাইলে মুহুর্তে সে স্থান ত্যাগ করার চেষ্টা করেন প্রকৌশলী আকরাম। এসময় পেছন পেছন ধাওয়া করে পথ আটকে তার ব্যাগ তল্লাশি করতে চান তারা। তবে তাতে রাজি ছিলেন না সেই পৌকৌশলী। এতে সৃষ্টি হয় বাকবিতণ্ডা। পরে পুলিশ প্রশাসনে খবর দেওয়া হলে পুলিশ এসে ব্যাগ তল্লাশি করে নগদ ১লাখ এবং তার পকেট থেকে আরো পঞ্চাশ হাজার, মোট দেড়লাখ টাকা সহ হেফাজতে নেওয়া হয় তাকে। এর আগে টাকার পরিমান এবং নগদ এতগুলো টাকা সাথে রাখার কারন সম্পর্কে অসংলগ্ন কথা বলতে শোনা যায় তাকে।

তবে, টাকাগুলো তার একান্ত নিজস্ব এবং ব্যাক্তিগত কাজে ব্যাবহারের উদ্দেশ্য সাথে রেখেছিলেন উল্লেখ করে, নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত প্রকৌশলী নূরই আকরাম।
এদিকে দ্বায়িত্ব পালন কালে সাথে এতগুলো নগদ টাকা পরিবহনের সুযোগ নেই জানিয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা এলজিইডি উপ প্রকৌশলী নুরই আকরাম কে টাকা সহ হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। টাকার উৎস কি সেটা জানার চেষ্টা করছি।
Leave a Reply