মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:: পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠের নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। নিরাপত্তার স্বার্থে বস্তুটির আশপাশের এলাকা ঘিরে রাখা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে ডিভাইসটি নিষ্ক্রিয় করেন।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করে এটিকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলে নিশ্চিত করেন।
ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে বস্তুটি সেখানে রেখে যায়।

তবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিস্ফোরক ডিভাইস রাখার পেছনে কারা জড়িত এবং আট দফা দাবিসংবলিত স্মারকলিপিটি সেখানে রেখে যাওয়ার উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply