মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা ছাত্রদলের উদ্যোগে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

শহরের ট্রাক টার্মিনাল থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে হ্যালিপোর্ট বাজার অতিক্রম করে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, পঞ্চগড় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, সদস্যসচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ফুয়াদসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা।

বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক বলেন, ১৯ নভেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ছাত্রদল প্রতিহত করতে রাজপথে সক্রিয় থাকবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, পঞ্চগড়ের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দও লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।
Leave a Reply