বিজ্ঞাপন:
       
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া পৌর এলাকার বৃশালিখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল নিয়ে তাঁরা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির ভেতরে ও পাশে থাকা একাধিক খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, তাঁরা তখন অন্য এলাকায় মারামারির ঘটনায় ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com