বিজ্ঞাপন:
       
স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্বামীর মৃত্যু

স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্বামীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহীদ (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবারের অভিযোগ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির সময় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শহীদের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আলেয়া বেগমের করা একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরিবারের দাবি, ঘটনার আগের দিনই ওই মামলায় জামিন পান সাবেরা খাতুন। তবে জামিনের কাগজপত্র থানায় জমা দেওয়া হয়নি। বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাব্বির সাবেরা খাতুনকে গ্রেপ্তার করতে তাদের বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে তার স্বামী শহীদকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ মাটিতে পড়ে অসুস্থ হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, পরিবারের সদস্যরা শহীদকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত শহীদের ছোট ভাই অভিযোগ করে বলেন, আমার ভাই আগে কয়েকবার স্ট্রোক করেছিলেন। এ বিষয়টি পুলিশকে জানানোর পরও ছাড় দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান।

এ ঘটনায় শহীদের পুত্রবধূ সোনিয়া আক্তারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শহীদের মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com