মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের ঐতিহাসিক জমিদারবাড়িটি দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে হারিয়ে যেতে বসেছে। একসময় যেখানে ছিল জমিদারি শাসন, খাজনা আদায় আর জমজমাট কর্মচাঞ্চল্য, সেখানে এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ বাড়ি ও মন্দিরের কিছু অবকাঠামো। সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে স্থাপনাগুলোর বিভিন্ন অংশ। ঐতিহাসিক এই নিদর্শন দ্রুত সংস্কার করে সংরক্ষণের পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের অধীনস্থ জমিদার হিসেবে সোনাহার এলাকায় ধর্য্য নারায়ণ, মতিলাল রায়, মধুসূদন রায়, যদুনাথ রায় এবং ধর্য্য নারায়ণের ছেলে লক্ষিন্দ্র নারায়ণ রায় ও কমলকৃষ্ণ রায় জমিদারি পরিচালনা করতেন। প্রায় শত বছর ধরে এ এলাকায় তাঁদের জমিদারি কার্যক্রম চলেছিল।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর জমিদারি ব্যবস্থায় পরিবর্তন আসে। পরবর্তী সময়ে ১৯৫৭-৫৮ সালে পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে আইন প্রণয়ন করে। ১৯৫৮-৫৯ সালের দিকে জমিদার পরিবারের সদস্যরা ভারতের জলপাইগুড়িতে চলে যান।

১৯৬২ সালে পাকিস্তান সরকার জমিদারের সম্পত্তির একটি অংশ শত্রুসম্পত্তি হিসেবে গণ্য করে। এদিকে জমিদারের জমি বর্গা চাষ করা অনেক প্রজা সরকারি নিয়ম অনুযায়ী ভূমি অফিস থেকে ডিসিআর কেটে জমি নিজেদের দখলে রাখেন। জমিদার পরিবারের দাবি, তাঁদের প্রায় ১৪ হাজার একর বা সাত হাজার বিঘা জমির মধ্যে ডিসিআর নেওয়া অংশ বাদে বাকি সম্পত্তি শত্রুসম্পত্তি হিসেবে চিহ্নিত রয়েছে। তবে এসব জমির দখল নিয়ে এখনো জটিলতা রয়েছে বলে তাঁদের দাবি।
জমিদার পরিবারের নাতিরা জানান, জমি-সংক্রান্ত দীর্ঘদিনের মামলা দ্রুত নিষ্পত্তি করে তাঁদের সম্পত্তির অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের কাছে প্রত্যাশা রয়েছে তাঁদের।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে জমিদারবাড়ি, মন্দিরসহ ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি স্থানটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে এলাকার ঐতিহ্য রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ও দাবির পর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের। পরে দেবীগঞ্জের সোনাহার জমিদারবাড়ি পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে জমিদারবাড়ি ও মন্দিরের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, জমিদারবাড়ির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সোনাহার জমিদারবাড়ির অবশিষ্ট স্থাপনাগুলো সংরক্ষণ করবে। সময়মতো সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা না হলে হারিয়ে যেতে পারে পঞ্চগড়ের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শন।
Leave a Reply