ডেস্ক রিপোর্ট :: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানান সার্জেন্ট মহিউদ্দিন।
পুলিশ জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসাদগেট পাম্প থেকে একটি সাদা মাইক্রোবাস নিষিদ্ধ দিক দিয়ে সড়কে প্রবেশ করে। এ সময় সেখানে ‘রাস্তায় প্রবেশ নিষেধ’ লেখা সাইন ছিল। পরে সড়ক পরিবহন আইনের ৮৭ ধারায় গাড়িটির মালিক জুয়েলের বিরুদ্ধে মামলা করেন দায়িত্ব পালনরত সার্জেন্ট মহিউদ্দিন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। এতে মাইক্রোবাসটিকে উল্টো দিক দিয়ে সড়কে প্রবেশ করতে দেখা যায়।
সার্জেন্ট মহিউদ্দিন বলেন, ‘গাড়িতে নম্বর প্লেট না থাকলেও মানবিক বিবেচনায় তিনি ৭২ ধারায় প্রসিকিউশন না দিয়ে সর্বনিম্ন জরিমানার ৮৭ ধারায় মামলা করেন। কিন্তু এ নিয়ে জুয়েল তার ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান। পরে ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।’

মহিউদ্দিনের অভিযোগ, প্রকাশিত ভিডিওতে জুয়েল নিজের উল্টো পথে আসার বিষয়টি তুলে ধরেননি। বরং পুলিশ সদস্যদের নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। এতে তিনি ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কার্যক্রম নিয়েও ভুল ধারণা তৈরি হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশ কন্ট্রোলরুমে জিডি করেছেন।
এদিকে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ভিডিওর বিষয়ে জানতে চাইলে জুয়েল গণমাধ্যমকে জানান, ঘটনাটি দীর্ঘ সময়ের। পুলিশ সদস্যরা তাকে বারবার ভিডিও করতে নিষেধ করেছিলেন।

পুলিশ সার্জেন্টকে হেনস্তা করার অভিযোগ অস্বীকার করে জুয়েল জানান, তিনি কোনোভাবেই ওই পুলিশ সদস্যকে হেয় বা হেনস্তা করতে চাননি। তার আচরণে সার্জেন্ট কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করছেন। পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষকে সেবা দেন বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply