মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৫০ টাকা।
সোমবার (২ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ও ধারিয়ারপাড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে বিজিবি।
১৫ বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ৬টা ৫০ মিনিটে অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ ধারিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply