নিউজ ডেস্ক :: ঢাকার রমনা কালী মন্দিরে বিগ্রহের স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন— লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি বলেন, তারা মোট তিনটি মন্দির থেকে চুরি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। পরবর্তী জিজ্ঞাসাবাদে এবং তদন্ত সাপেক্ষে জানা যাবে, আরও কোনো ঘটনায় তারা জড়িত কি-না। গেল ৭ অক্টোবর দিনের কোনো এক সময় কে বা কারা রমনা কালী মন্দিরে বিগ্রহের মুখ থেকে প্রায় ৬ আনা ওজনের স্বর্ণ চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় ওই মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় একটি অভিযোগ দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মো. ফারুক হোসেন বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় চোর শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। উত্তরখানের দোবাদিয়া এলাকা থেকে গত রোববার সকালে ওই দম্পতিকে আটক করা হয়। সেদিনই শাহবাগ থানায় একটি মামলা হয় এবং তাদেরকে আদালতে পাঠালে তারা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেয়।
Leave a Reply