গাইবান্ধা সুন্দরগঞ্জ :: গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফন সম্পন্ন হওয়ার মাত্র এক ঘণ্টা পর মারা গেছেন তাঁর স্ত্রী আমিনা বেগম (৬০)। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর প্রথমে স্ট্রোকে আক্রান্ত হন আমিনা বেগম। এর প্রায় আড়াই ঘণ্টা পর তাঁর স্বামী আব্দুল জলিলও স্ট্রোকে আক্রান্ত হন। পরে দুজনকেই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে আব্দুল জলিলকে বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে আব্দুল জলিলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই বিকেল ৫টার দিকে মারা যান তাঁর স্ত্রী আমিনা বেগম। পরে বাদ মাগরিব তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং একই পারিবারিক কবরস্থানে তাঁকেও দাফন করা হয়।

নিহত দম্পতির ছেলে আলম মিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়তো সে কারণেই তারা একসঙ্গে অসুস্থ হয়ে একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার দাফন বিকেল ৪টার দিকে শেষ করে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই, অর্থাৎ বিকেল ৫টার দিকে আমার মা মারা যান। একদিনেই আমরা বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়ে গেলাম।’
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা খুবই বিরল। পরিবারটির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা আমার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
Leave a Reply