মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর:: পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে বিষপানে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, ১ নম্বর অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট এবং চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, “আমাদের একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার বলেন, “অপরাধী যে-ই হোক, তার পরিচয় বিবেচনা না করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
১ নম্বর অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।”
চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
ঘটনার বিষয়ে যা জানা গেছে
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে সে বিষপান করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
Leave a Reply