লালমনিরহাট প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাটের কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) বিজন কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি ইউসুফ আহমেদ রোকন, এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।
কর্মসূচিতে কিসামত হারাটি বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের সদস্য এবং বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
Leave a Reply