মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের কালীগঞ্জে র্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কাকিনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৩, রংপুর।

র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ থানার কাকিনা জিরো পয়েন্ট মোড়ে মা মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।
অভিযানে গাঁজা রাখার অভিযোগে রংপুর মহানগরীর আলমনগর মুসলিমপাড়ার রোকসানা (৪০), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোপাল এলাকার মর্জিনা (৪৫), রংপুর মহানগরীর নওপাড়া রেলগেট লিচুবাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের এবং জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply