মাহবুবুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন—রংপুর সদর থানার সেকটারি গ্রামের দুলাল মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৩৬)।
১৫ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে একটি চোরাচালান চক্র মাদক পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর বিওপির টহলদল আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের প্যান্টের পকেট থেকে ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৭ হাজার টাকা এবং জব্দ করা মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply