ডেস্ক রিপোর্ট :; প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিলেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছেন। এই বিষয় নিয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। পরে সেখান থেকে তারা সরে গেলে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান তারা। পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে তারা অবস্থান চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

এরপরও আন্দোলন থামেনি। রাত পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে আজকের আন্দোলন এ পর্যন্ত চলছে। এখানেই স্থগিত করা হলো।

আগামীকালকের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাতে আমরা সিদ্ধান্ত নেবো, তারপর জানিয়ে দেবো আগামীকালকের কর্মসূচি। হয়তো সংসদ ভবনে নতুবা শিক্ষাভবন অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
Leave a Reply