বিজ্ঞাপন:
       
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক এক নেতা ও তার বাবাকে আসামি করা হয়েছে। তাদের একজনকে ছাত্রলীগের কর্মী এবং অন্যজনকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


অভিযোগ উঠেছে, বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের কর্মী এবং তার বাবা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে মামলায় ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাদের বাড়ি ফতুল্লার রামারবাগ এলাকায়।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালখাঁ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মেহেদী হাসান বলেন, ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটিতে তিনি সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর তাদের দূরসম্পর্কের আত্মীয়। তিনি বিএনপির একটি পক্ষের রাজনীতি করেন, আর তারা অন্য পক্ষের। এই বিরোধের জেরেই তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মেহেদী।

তিনি আরও বলেন, মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বললে তিনি তাকে জানিয়েছেন, বিষয়টি ওপর থেকে এসেছে। তিনি শুধু বাদী হিসেবে মামলায় স্বাক্ষর করেছেন।


অভিযোগের বিষয়ে মামলার বাদী ফারুক মাতবর বলেন, এটা সাংগঠনিক ব্যাপার। কোথায় কার নাম দিয়েছে, সেটা তো বোঝা যায় না। দু-একটি নাম ভুলও হতে পারে। যারা মামলা দিয়েছে, তারা হয়তো জানে না যে ছেলেটি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, মামলায় ছাত্রদলের কেউ আসামি হয়েছেন কি না, তা বাদী বলতে পারবেন। তারা কারও দলীয় পরিচয় বিবেচনা করে মামলা নেন না। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com