বিজ্ঞাপন:
       
ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও মানুষের জন্য স্বপ্ন বুনে চলেছেন জুয়েল রানা

ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও মানুষের জন্য স্বপ্ন বুনে চলেছেন জুয়েল রানা

ডেস্ক রিপোর্ট :: একদিকে নিজের দুই কিডনিতে সমস্যা, অন্যদিকে স্ত্রীর ক্যানসার। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ সেবন করতে হয় তাকে। শারীরিক নানা সীমাবদ্ধতা ও পারিবারিক দুশ্চিন্তার মধ্যেও থেমে নেই তার পথচলা। ক্যামেরা হাতে প্রকৃতি, গ্রামবাংলা ও সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরছেন দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জুয়েল রানা।


আইন বিষয়ে পড়াশোনা শেষে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে প্রচলিত পেশাগত জীবনের বাইরে নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে একসময় বেছে নেন কনটেন্ট নির্মাণের পথ।

২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তার কনটেন্ট প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’। অল্প সময়ের মধ্যেই ফেসবুক পেজটির অনুসারীর সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম।

নিজের শারীরিক অসুস্থতা সম্পর্কে জুয়েল রানা জানান, তার দুই কিডনিতেই সমস্যা রয়েছে। এ কারণে প্রতিদিন ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয়। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে কাজেও পৌঁছাতে পারেন না। এ ক্ষেত্রে ক্যামেরার পেছনে থাকা দুই সহকর্মী তাকে সহযোগিতা করছেন।


এর পাশাপাশি স্ত্রীর ক্যানসারের চিকিৎসাও চলছে। আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। নিজের অসুস্থতা ও স্ত্রীর চিকিৎসার দায়িত্ব সামলে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাকে।

জুয়েলের কনটেন্টের মূল বিষয় প্রকৃতি ও গ্রামবাংলার জীবন। শীতের কুয়াশা, শিশিরভেজা ঘাস, সরিষার হলুদ মাঠ, কৃষকের জীবনসংগ্রাম কিংবা গ্রামের সাধারণ মানুষের গল্প—সবকিছুই উঠে আসে তার গল্পতে। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি সাহিত্য ও জীবনবোধের সমন্বয়ে দর্শকদের সামনে গল্প তুলে ধরতে পছন্দ করেন তিনি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য তার কাজের অন্যতম অনুপ্রেরণা।

জুয়েল মনে করেন, সাময়িক জনপ্রিয়তার চেয়ে দীর্ঘস্থায়ী আবেদনসম্পন্ন কনটেন্ট তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। তার প্রত্যাশা, এমন কিছু কাজ তৈরি করা, যা পাঁচ বছর নয়, পাঁচ যুগ পরও দর্শকের কাছে সমান আবেদন তৈরি করবে।

বিপুলসংখ্যক অনুসারী ও দর্শকের ভালোবাসা পেলেও নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। প্রতিটি কনটেন্ট তৈরির পরই মনে হয়, আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব ছিল। তাই অনুসারীর সংখ্যা বাড়ানোর চেয়ে কাজের মান উন্নয়নে বেশি গুরুত্ব দেন এই নির্মাতা।

বাণিজ্যিক চাপ ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও নিজের নীতিতে অটল থাকার চেষ্টা করেন জুয়েল। তার মতে, অর্থ উপার্জনের সুযোগ থাকলেও সব কাজ করা যায় না। কিছু সিদ্ধান্ত বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে নিতে হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন জুয়েল রানা। সরকারপ্রধান তার কনটেন্ট নিয়মিত দেখেন—এমন স্বীকৃতিকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ নেই তার। সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে চান।

আগামীতে আরও বিনয়ী হওয়া এবং মানুষের আরও কাছাকাছি যাওয়ার প্রত্যাশা তার। ক্যামেরা হাতে প্রকৃতির গভীরে গিয়ে নতুন নতুন গল্প আবিষ্কার করাই তার স্বপ্ন।

নতুনদের উদ্দেশে তার পরামর্শ, কনটেন্ট নির্মাণে রাতারাতি সফলতা কিংবা অর্থ উপার্জনের নিশ্চয়তা নেই। এ পেশায় টিকে থাকতে প্রয়োজন নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও সৃজনশীলতা। তাই প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে হুট করে এই পেশায় আসার পক্ষপাতী নন তিনি।


জুয়েলের কাছে সফলতার অর্থ বড় বাড়ি, গাড়ি কিংবা সম্পদ নয়; বরং দিন শেষে নিজের ভেতর থেকে ভালো থাকতে পারাই প্রকৃত সফলতা। নিজের ও স্ত্রীর অসুস্থতার মতো কঠিন বাস্তবতার মধ্যেও ক্যামেরা হাতে এগিয়ে চলেছেন তিনি। শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিকূলতাকে সঙ্গী করেই প্রকৃতি এবং মানুষের গল্প বলে যাওয়ার প্রত্যয় তার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com