বিজ্ঞাপন:
       
সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলার আসামি বোদা পৌর আওয়ামী লীগ নেতা রশিদুল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলার আসামি বোদা পৌর আওয়ামী লীগ নেতা রশিদুল গ্রেপ্তার

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের বোদা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলামকে (৩৮) ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার কেসাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার রশিদুল ইসলাম বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোদা উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বোদা পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রশিদুল ইসলাম বোদা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলার এজাহারনামীয় আসামি। পাশাপাশি তাকে তালিকাভুক্ত চাঁদাবাজ হিসেবে উল্লেখ করেছে এসআরবি।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ও দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানিক দল ঠাকুরগাঁও সদর উপজেলার কেসাডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com