মাহাবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের হোসেন আলীর ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে মন্দিরে পূজা-অর্চনা করতে যাওয়ার সময় আব্দুল আলিম তাঁর সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে করে ওই কিশোরীকে অপহরণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলাটি দায়েরের পর কিশোরীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লার বেলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
Leave a Reply