লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সুস্থ ও সামাজিক বিনোদনের পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (২২ জুন) জেলা শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও জনাকীর্ণ বিনোদন এলাকায় পৃথক এই আইনগত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার ক্ষুণ্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩টি রেস্তোরাঁকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা সদরের বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও মো. খায়রুল হোসেন।
অভিযানকালে শহরের সেনামৈত্রী হকার্স মার্কেটের ‘আল-এশা রেস্তোরাঁ’য় মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক উপাদান ‘হাইড্রোজ’ সংরক্ষণ ও খাদ্যে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ভাই ভাই হোটেল ও রেস্তোরাঁ’কে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে অপর একটি হোটেলকে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ খাদ্য পরিবেশনের জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পার্ক ও বিনোদন এলাকায় বিশেষ টহল
এদিকে জনসাধারণের জন্য সুস্থ ও সামাজিক বিনোদনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা শহরের রেলওয়ে মুক্তমঞ্চ সংলগ্ন পার্ক ও হাতিরঝিল রোড এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ-এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই তদারকি কার্যক্রম চলে। পার্ক ও তৎসংলগ্ন সড়কগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা সামাজিক পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জনস্বার্থে, জনস্বাস্থ্য ও জননিরাপত্তা রক্ষায় এই ধরণের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
Leave a Reply