বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়ীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত ১

গাজীপুরের কোনাবাড়ীতে ট্রান্সফরমার বিস্ফোরণ, নিহত ১

মো. সাহাজুদ্দিন সরকার, গাজীপুর: ঈদের দিনের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) কোনাবাড়ী থানার পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি পারিজাত এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন।

দগ্ধরা হলেন—পারিজাত এলাকার মো. সোহানের ছেলে তালহা (১০), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৬) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মো. নিরব (১০)। আহত হাবিবুর রহমান বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে বিদ্যালয়সংলগ্ন কাকলি নিবাস এলাকার সামনে হঠাৎ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রান্সফরমারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় তারের সংস্পর্শে এসে রবিউল ইসলাম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হন। তাদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানোর পরামর্শ দেন। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com