গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, মোনালিসা আক্তার ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে। সে স্থানীয় এন এইচ মডার্ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রেমের টানে গত মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে বাড়ি থেকে চলে যায় মোনালিসা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তাকে পার্শ্ববর্তী বড় বোনের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply