বিজ্ঞাপন:
 
অন্যজনের জামিননামা দেখিয়ে পালাল ফাঁসির আসামী, ডেপুটি জেলারসহ ৮ জন বরখাস্ত

অন্যজনের জামিননামা দেখিয়ে পালাল ফাঁসির আসামী, ডেপুটি জেলারসহ ৮ জন বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, নবীনগর থানার ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দিদার হোসেন নামের এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার হৃদয় নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে যায়। হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের আখাউড়া থানার একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।

এদিকে, বিষয়টি জানাজানি হলে দায়িত্বে অবহেলার দায়ে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন – সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, ডেপুটি জেলার মোঃ আজহারুল ইসলাম, কারারক্ষী মোরশেদ আলম, মোঃ হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম এবং শাহাব উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, দ্বায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের দ্বায়িত্বে অবহেলার সুযোগ নিয়ে কৌশলে একজনের জামিনের কাগজ দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী পালিয়ে গেছেন। ঘটনার সময়ে বিদ্যুৎ না থাকায় সিসিটিভির সহায়তাও নেয়া যাচ্ছে না। তারা পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো: ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুই সদস্য হলেন, চাঁদপুরের জেলার এবং ফেনীর জেল সুপার ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, পলাতক আসামী হৃদয়কে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com