বিজ্ঞাপন:
 
জাতীয় শিক্ষা সপ্তাহে দেয়াল পত্রিকায় দ্বিতীয় স্থান এসকেএস স্কুল অ্যান্ড কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহে দেয়াল পত্রিকায় দ্বিতীয় স্থান এসকেএস স্কুল অ্যান্ড কলেজ

গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেয়াল পত্রিকা ইভেন্টের ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাইবান্ধার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। ‘এক আকাশের নিচে’ শীর্ষক দেয়াল পত্রিকার মাধ্যমে এই গৌরবময় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী ও দলনেতা মোছা. সাবিহা সরকার এবং তার দলের সদস্য দশম শ্রেণির আফসানা মিমি আভা, আফরিন আক্তার অরণ্য, আল মাহফুজ শাহরিয়ার, মো. হাসিম মেজবা ও নবম শ্রেণির শিক্ষার্থী তাহসিন রহমান মৌরি। ছয় শিক্ষার্থীর সম্মিলিত সৃজনশীলতায় নির্মিত দেয়াল পত্রিকাটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

‘এক আকাশের নিচে’ প্রতিপাদ্যে নির্মিত দেয়াল পত্রিকাটিতে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারা, পাশাপাশি পথশিশুদের জীবনসংগ্রাম মানবিক ও সংবেদনশীল দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। রঙিন কাগজের নান্দনিক কারুকাজ, বৈচিত্র্যময় চিত্রকর্ম এবং ভাবনাসমৃদ্ধ লেখনীর মাধ্যমে এটি হয়ে ওঠে ব্যতিক্রমী ও প্রাণবন্ত।

উল্লেখ্য, উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, বিভাগীয় ধাপ অতিক্রম করে জাতীয় পর্যায় পর্যন্ত এই দেয়াল পত্রিকা কার্যক্রমের বিশেষ তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তনি তাসকিন ও দেবাশীষ রায়। তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় শিক্ষার্থীরা প্রতিটি ধাপে নিজেদের সেরা সৃজনশীলতা তুলে ধরতে সক্ষম হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন দলনেতা মোছা. সাবিহা সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।


প্রতিষ্ঠানের সহকারী অধ্যক্ষ ড. অনামিকা সাহা বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। তারা যে বার্তা তুলে ধরেছে, তা সময়োপযোগী ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের নিয়ে গর্বিত।”

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, সৃজনশীল কাজেও যে অনন্য এই অর্জন তার উজ্জ্বল প্রমাণ। ‘এক আকাশের নিচে’ থিমের মাধ্যমে তারা যে মানবিক বার্তা দিয়েছে, তা আজ জাতীয়ভাবে স্বীকৃত। এই গৌরব পুরো গাইবান্ধা জেলার।” তিনি বলেন, জাতীয় পর্যায়ে এই অর্জনের মাধ্যমে এসকেএস স্কুল অ্যান্ড কলেজ আবারও প্রমাণ করেছে সৃজনশীল শিক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com