বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
রংপুরের বদরগঞ্জে দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

রংপুরের বদরগঞ্জে দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক::রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় দলীয় নেতাদের দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেছেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা।

তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে গোলাম রব্বানী জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান।


তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে আসছি। নিজের এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্য কোনো দলে যোগদান করবেন কিনা–এমন প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।


তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com