হাসান লিটন, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে টিস্যু কালচার ল্যাবরেটরী কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩০ জন কৃষককে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি ফলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য তরমুজ প্রদর্শনী দেওয়া হয়।
প্রদর্শনীর অংশ হিসেবে প্রত্যেক কৃষককে মানসম্মত তরমুজের বীজ, সার, স্প্রে মেশিন, বেড়ার নেট, বালাইনাশক, সাইনবোর্ড এবং শ্রমিক মজুরির জন্য অর্থসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর আগে প্রকল্পের আওতায় চরফ্যাশনে শতাধিক মিশ্র ও একক ফলের বাগান, উচ্চমূল্যের সবজি চাষ এবং বস্তায় আদা চাষ প্রদর্শনীর সফল বাস্তবায়ন করা হয়েছে।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা কৃষকদের হাতে উপকরণ তুলে দেন এবং প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু তাহের, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হুদা বলেন, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চরফ্যাশনের কৃষকরা উচ্চমূল্যের ফল, সবজি এবং অন্যান্য ফসল উৎপাদনে সহায়তা পাচ্ছেন। এর ফলে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply