বিজ্ঞাপন:
 
চাঁদা নিতে যাওয়া এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চাঁদা নিতে যাওয়া এনসিপি নেতাকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট:: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ (৩০) দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রোববার সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।

গ্রেফতাররা হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা দাখিল করেননি।

এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন ও আসবাবপত্র ওলটপালট করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ সবাইকে মেরে ফেলবো।’

এসময় পরিবারের লোকজনদের বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে। এসময় তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান। স্থানীয়রা আটক ২ জনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com