ডেস্ক রিপোর্ট::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট ২০২)-এর পাইলটদের মধ্যে একজন ছিলেন কুড়িগ্রামের কৃতী সন্তান ক্যাপ্টেন (মেজর) আসিফ ইকবাল।
দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত এই বৈমানিক তারেক রহমানকে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে দেওয়ার পর তারেক রহমানের কাছ থেকে আন্তরিক অভিনন্দন লাভ করেন।

বিমানের ডেকে ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমনের সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন দুইজন অভিজ্ঞ ক্যাপ্টেন—রাশেদিন ও আসিফ ইকবাল। গুরুত্ব বিবেচনায় এই ফ্লাইটের জন্য সিনিয়র ও দক্ষ পাইলটদের সমন্বয়ে বিশেষ ক্রু গঠন করা হয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র।
ক্যাপ্টেন আসিফ ইকবাল কুড়িগ্রাম জেলা শহরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মনসুর রহমান ও কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগম কাজল (কাজল আপা)-এর সন্তান। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা’র ছোট ভাই। এছাড়া সাবেক বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন রেজাউর রহমান (মানিক)-এর ভাগিনা এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক-এর ভাগিনা।

বিষয়টি প্রকাশ্যে আসার পর কুড়িগ্রাম জেলার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপ্টেন আসিফ ইকবালকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন জেলার মানুষ। গর্বিত জেলাবাসীর কাছে এই দক্ষ বৈমানিক হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।
নিরাপদ ও সময়মতো অবতরণের পর তারেক রহমান বিমানের ক্যাপ্টেনদের ডেকে হ্যান্ডশেক করে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
Leave a Reply