গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতাকে কেন্দ্র করে গাইবান্ধায় ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির ঘোষিত রাষ্ট্র গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ সমাজসহ সাধারণ মানুষ নিজেদের ভাবনা, মতামত ও প্রত্যাশা রিল আকারে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। গাইবান্ধার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—বিশেষ করে শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও সচেতন নাগরিকরা এতে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে নিজেদের তৈরি রিল পোস্ট করে #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করছেন। পরে সেই রিলের লিংক বিএনপির নির্ধারিত ফেসবুক পেজে জমা দিতে হচ্ছে।

আয়োজকদের তথ্যমতে, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষক, পরিবেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশসহ নানা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুকে কেন্দ্র করে রিল তৈরি করা যাবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১০ জনকে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
গাইবান্ধার এক তরুণ অংশগ্রহণকারী বলেন,
“রাজনীতি নিয়ে শুধু বক্তব্য নয়, সৃজনশীলভাবে ভাবনা প্রকাশের এমন সুযোগ আগে ছিল না। এই আয়োজন আমাদের কথা বলার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।”

উল্লেখ্য, প্রতিযোগিতার জমাদানের শেষ সময় ২৫ ডিসেম্বর ২০২৫। বিজয়ী নির্বাচনে ৬০ শতাংশ জনভোট এবং ৪০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হবে।
গাইবান্ধাবাসী আশা করছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথাও জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।
Leave a Reply