বিজ্ঞাপন:
 
নাটকীয়তা শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজপথে ফিরলেন আজিজুর

নাটকীয়তা শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজপথে ফিরলেন আজিজুর

এনসিপি নেতা সারজিস আলমের পাশে আজিজুর রহমান

রাশেদুল ইসলাম রাশেদ, স্টাফ রিপোর্টার: সাংগঠনিক সিদ্ধান্তে নাটকীয় পরিবর্তন এনে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে জেলা কমিটি। ফলে তিনি আবারও পূর্ণ দায়িত্বে ফিরছেন।

 

শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক নোটিশে আজিজুর রহমানকে পুনর্বহালের ঘোষণা দেওয়া হয়।

নোটিশে স্পষ্ট বলা হয়—সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে পূর্বের মতোই দলের সব সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ অনুমতি দেওয়া হলো। দলকে সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় জেলা কমিটি।

নেতাকর্মীদের উদ্দেশে নোটিশে আরও নির্দেশ দেওয়া হয়—সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে এবং অস্থিরতা সৃষ্টিকারী যে কোনো আচরণ কঠোরভাবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজিজুর রহমানকে সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেয় জেলা এনসিপি। সেই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেও ঘোষণা করা হয়েছিল।

এ বিষয়ে জেলা প্রধান সমন্বয়ক নাজমুল হাসান সোহাগ বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার শর্তে তাকে পুনর্বহাল করা হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের বিচ্যুতি কঠোরভাবে দেখা হবে।”

সাম্প্রতিক এই সিদ্ধান্তে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার সমীকরণ সৃষ্টি হয়েছে।

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com