লালমনিরহাট প্রতিনিধি: পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে মিশন মোড় চত্বরে পথসভায় বক্তৃতা করেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবু তাহের। সাবেক জেলা আমীর ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম,জেলা জামায়াতের নেতা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ছাত্র শিবিরের সভাপতিসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই কর্মসূচি। ফ্যাসিবাদী প্রথা দূর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা ।
Leave a Reply