বিজ্ঞাপন:
       
ধূমপান না করেও হতে পারে ফুসফুসের ক্যানসার, বাঁচবেন যেভাবে

ধূমপান না করেও হতে পারে ফুসফুসের ক্যানসার, বাঁচবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট :: মদ্যপান করলে লিভার সিরোসিস এবং ধূমপান করলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে—এ কথা অনেকেরই জানা। তবে যারা কখনো বিড়ি-সিগারেট খাননি, এমনকি যাদের বাড়িতেও কেউ ধূমপান করেন না, তারাও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। বায়ুদূষণ, ঘরের ভেতরের ধোঁয়া, কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ এবং জিনগত কারণেও এ রোগের ঝুঁকি তৈরি হতে পারে।

ঢাকার মতো বড় শহরগুলোতে বায়ুদূষণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি তথ্য অধিকার আইনে পাওয়া তথ্য অনুযায়ী, গত সাড়ে ছয় বছরে দিল্লির প্রধান সরকারি হাসপাতালগুলোতে প্রতি মাসে গড়ে ৮৩টি ফুসফুসের ক্যানসারের ঘটনা নথিবদ্ধ হয়েছে।

চিকিৎসকদের মতে, বায়ুদূষণ ফুসফুসের বিভিন্ন রোগের পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, বাতাসে ভাসমান ধূলিকণা বা ‘পার্টিকুলেট ম্যাটার’ (পিএম)-এর মধ্যে কার্বনসহ বিভিন্ন দূষিত পদার্থ থাকে।


এসব কণার মধ্যে অতিসূক্ষ্ম পিএম ২.৫ শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও মস্তিষ্কে পৌঁছাতে পারে। এর ফলে ফুসফুসে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা পরবর্তী সময়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। গাড়ির ধোঁয়া, কলকারখানা, নির্মাণকাজের ধুলা এবং বর্জ্য পোড়ানোর ধোঁয়া পিএম ২.৫-এর অন্যতম উৎস।

শুধু বাইরের বায়ুদূষণ নয়, ঘরের ভেতরের দূষণও ফুসফুসের জন্য ক্ষতিকর। রান্নার কাজে কাঠ, কয়লা বা ঘুঁটের মতো জ্বালানি ব্যবহার এবং ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে ধোঁয়া জমে ফুসফুসের ক্ষতি করতে পারে।

নিজে ধূমপান না করলেও অন্যের সিগারেটের ধোঁয়ার সংস্পর্শে থাকলে ঝুঁকি তৈরি হয়। পরোক্ষ ধূমপানের মাধ্যমে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে।


কর্মক্ষেত্রের পরিবেশও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। নির্মাণকাজ, খনি ও কলকারখানায় কর্মরত ব্যক্তিরা দীর্ঘ সময় অ্যাসবেস্টস, সিলিকার ধুলা এবং ডিজেলের ধোঁয়ার সংস্পর্শে থাকলে তাঁদের ঝুঁকি বাড়ে।

এ ছাড়া বদ্ধ ঘরে প্রাকৃতিকভাবে জমে থাকা তেজস্ক্রিয় রেডন গ্যাস এবং পরিবারের কারও ক্যানসারের ইতিহাস বা জিনগত পরিবর্তনের কারণেও ফুসফুসের ক্যানসার হতে পারে।

চিকিৎসকদের মতে, ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশ পেতে দেরি হয়। আবার সাধারণ মনে হওয়ায় অনেকে এসব লক্ষণ উপেক্ষা করেন। তাই কয়েকটি উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। এগুলো হলো—

১. শ্বাসকষ্ট এবং বুকে অস্বস্তি বা ব্যথা অনুভব করা।

২. মাসের পর মাস কাশি না সারা।

৩. বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণ হওয়া।

৪. কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।

৫. কাশির সঙ্গে রক্ত বের হওয়া।


এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। রোগের ধরন ও অবস্থা বুঝতে চিকিৎসকেরা সাধারণত বুকের এক্স-রে, সিটি স্ক্যান এবং প্রয়োজনে বায়োপসি করার পরামর্শ দেন। ক্যানসারের ধরন ও পর্যায়ের ওপর নির্ভর করে অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি কিংবা ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।

ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমাতে বায়ুদূষণ এড়িয়ে চলা, ঘরের ভেতর পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে কাজের সময় প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হবে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফুসফুসের ক্যানসার শুধু ধূমপায়ীদের রোগ নয়। বিড়ি-সিগারেট না খেলেও এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই দীর্ঘদিন কাশি না সারলে, বারবার শ্বাসযন্ত্রের সংক্রমণ হলে কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com