স্টাফ রিপোর্টার :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ছয়টি মোটরসাইকেলে করে প্রায় ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তার দায়িত্বে থাকা সোহাগ মিয়াকে আতঙ্কিত করে। পরে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply