ডেস্ক রিপোর্ট :: রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৪ অক্টোবর গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী (৪৪)। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বারবার বলছিলেন, আমার বিশেষ চাহিদাসম্পন্ন একটি সন্তান রয়েছে। শিশুটিকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। বাবা-মা ছাড়া তার দেখাশোনা করার মতো কেউ নেই। সেদিন আদালতে শর্মীর কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে শর্মীর মুক্তির দাবিও ওঠে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শর্মীর সেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে মায়ের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে পরিবার। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি বলে দাবি স্বজনদের। পরে মায়ের সঙ্গে শেষ দেখা করানোর আশায় তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কাশিমপুর কারাগারে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, তূর্যের মরদেহ নিয়ে তিনি কাশিমপুর নারী কারাগারের উদ্দেশে যাচ্ছেন।

পরে এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, শারমিন সুলতানার ছেলে তূর্যের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো শিশুটিকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ তাকে জানায়। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে তার স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
যদিও সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া এই বাবা কান্নার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।

শাহাদাৎ হোসেন জানান, শনিবার আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply