লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা উপজেলা বিএনপি অফিস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে অফিসের সামনের অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, এটি পরিকল্পিত ঘটনা। তাদের দাবি, রাজনৈতিকভাবে তাদের দমিয়ে রাখতেই এই ধরনের নাশকতা চালানো হয়েছে।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply