আশরাফুল হক, লালমনিরহাট :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর দেশের ৮টি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। তিনি বলেন, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী ওই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ নয়। খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।

ওই কর্মসূচীর আওতায় খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাছ ও হাঁস চাষ এবং গাছের পরিচর্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ত করে চুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। এটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে যুক্ত হবে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচীতে লালমনিরহাটের ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধমুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সফরপথে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধন করবেন। যেসব পরিবারের জমির পরিমাণ ২ থেকে ১০ শতকের মধ্যে, তাদের বসতভিটায় এ ধরনের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply