অনলাইন ডেস্ক:: লাকসামে সিনথিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে লাকসাম পৌরভবনের সামনে একটি আবাসিক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।।
পুলিশ সূত্রে জানা যায়, সিনথিয়া তার মা ও দুই ভাই-বোনের সঙ্গে লাকসাম পৌরভবনের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় ব্যক্তিগত বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তিনি নিজ কক্ষে চলে যান এবং দরজা বন্ধ করে দেন।

পরদিন সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার হাতে ব্লেড দিয়ে কাটা ৮/১০টি চিহ্ন রয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কোনো বিষয়ের টানাপোড়েন থেকে সিনথিয়া এই চরম পথ বেছে নিয়ে থাকতে পারে। মৃত্যুর পর তার মরদেহ স্কুল প্রাঙ্গণে নিয়ে আসা হলে সহপাঠীদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকাতুর শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে নবম শ্রেণির পাঠদান স্থগিত ও ছুটি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার। সম্ভাবনাময় এক কিশোরীর এমন মর্মান্তিক চলে যাওয়ায় পুরো এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply