জাভেদ হোসেন, নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর মৌজায় নিজ মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে সন্ত্রাসী হুমকি ও বাধার মুখে পড়েছেন মো. লুৎফর রহমান নামের এক ব্যক্তি। এ ঘটনায় প্রাক্তন সেনা সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে (২৩ জুলাই) ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়, ভাতগ্রাম এলাকার বাসিন্দা মো. লুৎফর রহমানের স্ত্রী মোছা. হাবিবা নাগীস চকমামরোজপুর মৌজায় দাগ নম্বর ২০৮১ ও হাল দাগ ১৪৬২ অনুযায়ী মো. আব্দুল মজিদের কাছ থেকে ৭ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। এরপর গত ১৫ জুলাই সেখানে বসতবাড়ি নির্মাণকাজ শুরু করেন তারা।
কিন্তু কাজ শুরুর পরপরই প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শফিউল আজম ও তার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেন। অভিযোগে বলা হয়, তারা নির্মাণস্থলে এসে শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন। একইসঙ্গে গালিগালাজ করে জমির একটি অংশ জোর করে রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য চাপ প্রয়োগ করেন।

ভুক্তভোগী মো. লুৎফর রহমান বলেন, “আমি শান্তিপূর্ণভাবে বৈধ জমিতে ঘর নির্মাণ করছিলাম। হঠাৎ তারা এসে গালিগালাজ শুরু করে, রাজমিস্ত্রি ও শ্রমিকদের ভয় দেখিয়ে উঠিয়ে নিয়ে যায়। এখন পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রাক্তন সেনা সদস্য মো. শফিউল আজমের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরইসআর/প্রবা
Leave a Reply