মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি সরকারের অর্জন ও উন্নয়নকে বিনষ্ট করতে বিরোধীদল রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, একাত্তর, ৯০ ও ২৪-এর চেতনাকে বিশ্বাস করে না, সেই ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও গুপ্ত শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যায়ে, গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে কার্যক্রম চলছে, তারা তা বাধাগ্রস্ত ও বিনষ্ট করতে চায়।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত উপনির্বাচন ছোটখাটো কিছু ভুলত্রুটি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে ভোট পেয়েছিলেন, উপনির্বাচনে তার চেয়ে অর্ধেক ভোট পেয়েছেন। তারেক রহমানের সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিএনপির কর্মকাণ্ডে মানুষের আস্থার কারণেই বিএনপির এ বিজয় হয়েছে বলে তিনি দাবি করেন।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে আগে নিজেদের ভাবমূর্তি তৈরি করতে হবে। কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন থাকবে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, আব্দুল্লাহ আল মামুন রনি, ইউনুস শেখসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply