লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। এরপর বাঘটির আক্রমণে তিনজন আহত হন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহতরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে বাঘটিকে দেখতে পান। ছাগলটি খেতে ঘাস খাচ্ছিল। এ সময় ছাগলটির কাছে যাওয়ার চেষ্টা করলে বাঘের আক্রমণের শিকার হন তিনি। পরে আরও দুজন বাঘটির আক্রমণে আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের লোকজন আসছেন বলেও জানান তিনি।

বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। খবর পাওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১৫ বিজিবির অধিনায়কসহ বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করছে।
এদিকে, সীমান্ত অতিক্রম করে আসা বাঘটির বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। বাঘটি কোথায় অবস্থান করছে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।।।
Leave a Reply