মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নবিরুল ইসলাম ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে তাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল নবিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নবিরুল ইসলাম ঘটবর এলাকার মৃত কবেদ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply