ডেস্ক রিপোর্ট :: দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, লোগেন হাসদা এলাকায় ‘পাগল ওঝা’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে নবাবগঞ্জ ও আশপাশের এলাকায় সাপ খেলা দেখানো এবং ওঝা হিসেবে পরিচিতি ছিল তার।
লোগেন হাসদা উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম।

এ বিষয়ে চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর জন্য বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন। এ সময় বাক্সে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তার মৃত্যু হয়।
Leave a Reply